বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান - The News Lion

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাণিজ্য বাড়াতে আগ্রহী পাকিস্তান




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পাকিস্তান ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। বুধবার বাংলাদেশের সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সঙ্গে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় তিনি এই আগ্রহের কথা জানান।  বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। সেগুলো দূর করা গেলে বাণিজ্য আরও বাড়বে। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিপুল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগানো যায়।  তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য চলমান। বাংলাদেশ থেকে চা, ফার্মাসিউটিক্যাল পণ্য, তৈরি পোশাক, সিরামিক পণ্য, জুতা, চামড়াজাত ও পাটজাত পণ্য পাকিস্তানে রপ্তানি হয়। এ রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে।  তিনি জানান, সম্প্রতি হাইড্রোজেন পারঅক্সাইড রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান এন্টিডাম্পিং আরোপ করেছে। এ ধরনের পদক্ষেপ বাণিজ্য বিকাশে বাধা। আলোচনার মাধ্যমে বিরাজমান যে কোনো সমস্যা সমাধান করা যেতে পারে। উভয় দেশের মধ্যে গঠিত জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) সভায় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা সম্ভব। 


বাণিজ্য বাড়াতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ  ভূমিকা রয়েছে। ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফর করে বাণিজ্য বাড়াতে পারে। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া যেতে পারে।  পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, পাকিস্তান সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে চায়। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী পাকিস্তান। 


বাংলাদেশের তৈরি সিরামিক পণ্য পাকিস্তানের বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।  পাকিস্তানিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে বাংলাদেশ সফরের ভিসা সহজ এবং পণ্য পরিবহনে ঢাকা-করাচি সরাসরি যোগাযোগ চালুর অনুরোধ করেন ইমরান। একই সঙ্গে পাকিস্তানে বাংলাদেশি পণ্যের সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করার আহ্বান জানান এবং জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) ৯ম সভা অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেন।  


গত ২০১৯-২০২০ অর্থবছরে পাকিস্তানে ৫০ দশমিক ৫৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করেছে ৫৪৩ দশমিক ৯০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য জটিলতা দূর হলে পাকিস্তানের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.